কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ট্রলার-স্পিডবোটের সংঘর্ষ, জেলা জজ গুরুতর আহত

মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বুধবার সন্ধ্যায় ট্রলার-স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা (৫৭) আহত হন। এ সময় তার গানম্যান সঙ্গে ছিলেন, কিন্তু তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার পরে ভিআইপি স্পিড বোট নিয়ে গানম্যানসহ কাঁঠালবাড়ি স্পিড বোট ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ঘাট থেকে স্পিডবোট ছেড়ে কিছু দূর যেতেই ৩ নম্বর ফেরি ঘাটের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে জেলা জজের বহনকারী স্পিড বোটের সামনের গ্লাসের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে নিতাই চন্দ্র সাহা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে  ফেরিযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

স্পিড বোট ঘাটের সুপার ভাইজার রাসেল ব্যাপারী জানান, খবর পেয়ে জেলা ও দায়রা জজ স্যারকে উদ্ধার করে পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাই। স্পিড বোট দূর্ঘটনায় তার মাথা কেটে যায়। এ ছাড়া তার চোখেও আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালের চিকিৎসক ডা. মো. মিলন মিয়া জানান, সন্ধ্যার পর মাথায় ইনজুরি নিয়ে জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা আমাদের হাসপাতালে আসেন। তার মাথার বাম পাশে চোখের ওপরের অংশে কেটে গেছে। বাম চোখেও আঘাত প্রাপ্ত হন। ক্ষত স্থানে রক্ত জমাট বেঁধেছে। তিনি চোখেও ঝাপসা দেখেন। যে কারণে আমি জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করি।

শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে আমরা অ্যাম্বুলেন্সযোগে একটি ফেরিতে উঠিয়ে দিই।