পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে গতকাল বুধবার কার্যত অচল হয়ে যায় সারাদেশ । বেশির ভাগ এলাকায় রাস্তায় পণ্য ও যাত্রীবাহী পরিবহন ছিল না বললেই চলে । তারপরও গতকাল সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭জন। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী যুবলীগের দুই নেতাকর্মী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কনস্টেবল নিহত হয়েছেন ট্রাকচাপায়। লক্ষ্মীপুরের রামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মারা গেছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী পাঁচ বছরের শিশু। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন তরুণ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লেগুনাচাপায় তিন বছরের শিশু নিহত হয়েছে। নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন ভ্যানচালক। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার পলাশডাঙ্গী ঘোড়ামারা মোড়ে যুবলীগের দুই নেতাকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘোড়ামারা মোড়ে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন উপজেলার পূর্ব ভিয়াইল ইউনিয়নের চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আশিক (৩৭) এবং মুকুন্দপুর গ্রামের দলকুড়াপাড়ার ধলুরাম রায়ের ছেলে দেবেশ চন্দ্র রায় (৪৪)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরী এলাকায় টহলরত অবস্থায় ট্রাকচাপায় সদর দক্ষিণ মডেল থানার কনস্টেবল নূর হোসেন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় থানার এএসআই মহসিন মিয়া ও কনস্টেবল ইসমাইল গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
গাড়ির নিচে পড়ে নিহত কিন্ডারগার্টেন শিক্ষার্থী মাইশা আক্তারকে (৫) হাসপাতালে রেখে পালিয়ে গেছেন সিএনজিচালিত অটোরিকশার চালক। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনিছ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সিঙ্গারবিল এলাকার আখাউড়া-চান্দুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছ বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের সলঙ্গা-হাটিকুমরুল সড়কের চড়িয়া উজির সাওপাড়া গ্রামে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লেগুনাচাপায় মারিয়া খাতুন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় লেগুনা চালককে আটক করেছে পুলিশ। নিহত মারিয়া খাতুন চড়িয়া উজির সাওপাড়া গ্রামের আমিনুল ইসলাম বাবুর মেয়ে। নওগাঁর মান্দার সতীহাট কদমতলীতে রাজশাহীগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন ভ্যানচালক দুলাল হোসেন (৪০)। গতকাল বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারা যান।