কাউকে জেল-জরিমানার জন্য নতুন সড়ক পরিবহন আইন করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়ে তিনি বলেন, সড়কের শৃঙ্খলার জন্য আইন করা হয়েছে, কাউকে জেল-জরিমানা করার জন্য নয়।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তিনি যা ভাবেন দেশের মঙ্গলে জনগণের মঙ্গলে তা করেন। নিজেদের স্বার্থেই মালিক-শ্রমিকদের এ আইন মেনে দেশের স্বার্থে ধর্মঘটের পথ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে জিম্মি করবেন না। জনগণের মঙ্গলের মাধ্যমেই জনসেবা করুন।
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আযম, অসীম কুমার উকিল ও সাবেক মন্ত্রী শাজাহান কামাল।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেøাগান দিয়ে নেতা হওয়া যায় না। একজন রাজনীতিকের সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতিবিদ হওয়া যায় না। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা আন্দোলনে ব্যর্থ, রাজনীতিতে ব্যর্থ, ঐক্য করতে গিয়ে ব্যর্থ হয়ে এখন শুধু বিদেশিদের দরবারে ধরনা দিচ্ছে আর নালিশ জানাচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে রূপান্তর হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো ইস্যু না পেয়ে একবার পেঁয়াজ ইস্যু, একবার চাল ইস্যু, একবার লবণ ইস্যু করার চেষ্টা চালাচ্ছে। কোনো লাভ হবে না। দেশে লবণের দরকার দেড় লাখ টন, জমা আছে ছয় লাখ টন। পেঁয়াজ সংকট কেটে গেছে। চাল উদ্বৃত্ত, আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের ১৪ লাখ টন চাল মজুদ আছে।