গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

গোপালগঞ্জে কাভার্ডভ্যান ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক যুবক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুঞ্জুর সরদার (৫০) গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে। নিহত অপরজন ভ্যানচালক মান্নান সিকদার (৪৫)। তিনি নড়াইলের লোহাগাড়া উপজেলার শংকর পাশা গ্রামের আয়েনউদ্দিন সিকদারের ছেলে। গুরুতর আহত হৃদয় সরদারকে (২২) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত মঞ্জুর সরদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ঢাকাগামী প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-উ-১২-০৪৩৫) ঘটনাস্থলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানকে চাপায় দেয়। এতে ভ্যানচালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং অপর একজন আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পরে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে তবে চালক পালিয়ে যায়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।