খাগড়াছড়িতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুন পাড়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে স্ত্রী ময়না আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করে।
পরে তার লাশ বাড়ির পেছনের পাহাড়ের খাদে ফেলে দেয়। এই ঘটনায় নিহত ময়নার বাবা মাইনুল হক ওরফে ময়নাল বাদী হয়ে মেয়ের জামাইসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মহালছড়ি থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনার তিন মাস পর ২০ নভেম্বর রবিউলকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। মামলা চলাকালীন আসামির স্বীকারোক্তি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো।