ধামরাইয়ে `শাশুড়ির সঙ্গে ঝগড়া করে' গৃহবধূর আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে বিলকিছ বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার স্বামী বাদল মিয়ার বাড়ি  থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিলকিছ বেগম একই ইউনিয়নের ডাউটিয়া দক্ষিনপাড়া এলাকার মৃত আয়নাল হকের মেয়ে। তার দুটি শিশু সন্তান রয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় শাশুড়ির সঙ্গে বিলকিছ বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিবাদের অবসান হলে রাতে ঘুমিয়ে পড়েন তারা। পরে সকালে বিলকিছের স্বামী বাদল মিয়া ধান বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে সুযোগ বুঝে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।