আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত ডুকাটি অ্যাপারেলস লি. কারখানার প্রায় ৪ শতাধিক শ্রমিক কারখানার ভেতরে এবং মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত অক্টোবর মাসের বেতন নিয়ে এখনও কারখানা কর্তৃপক্ষ নানা ধরনের তালবাহানা করছে। এর আগেও বেতনের দাবিতে তারা আন্দোলন করেছে। সে সময় কারখানা কর্তৃপক্ষ ও সরকার পক্ষ শ্রমিকদের সাথে একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী গত বুধবার বেতন পরিশোধ করার কথা দিয়েছিল। কিন্তু আজ (২১ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় আসলে বেতন পরিশোধের জন্য আবারও সময় চাওয়া হয়। এ ঘটনায় কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় দুপুরের পরে কর্তৃপক্ষ কারখানাটি আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন।

শ্রমিক নাজমা আক্তার বলেন, বকেয়া বেতন-ভাতার জন্য আন্দোলন আজই প্রথম নয়, কারখানা কর্তৃপক্ষ সবসময় বেতন নিয়ে ঝামেলা করে। আমরা কাজ করি আমাদের বেতন দিতে সমস্যা কোথায়। বাড়ি ভাড়া, খাবার খরচ না দিতে পেরে আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থা।

বিক্ষুব্ধ শ্রমিক মোতালেব জানান, কারখানার কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনেই আমরা কাজ করছি। এরপরও তারা নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ না করে নানা ধরনের টালবাহানা করে। অবিলম্বে আমাদের বেতন-ভাতা পরিশোধ করা না হলে আমরা সকল শ্রমিকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি পালন করবো।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, কারখানাটিতে মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এর ব্যবস্থাপনা পরিচালক পালিয়ে গেছে। কিন্তু চেয়ারম্যান এবং আগের মালিক কারখানা চালাবে জানিয়ে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। কারখানায় পর্যাপ্ত কাজ থাকা সত্ত্বেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে বিভিন্ন ধরনের টালবাহানা করে যাচ্ছে। এই জন্য শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

বিষয়টি জানতে ডুকাটি অ্যাপারেলস লি. কারখানার ব্যবস্থাপনা পরিচালক সানাউল হকের মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।