ছবি প্রশংসিত, সংলাপের জন্য আটকে গেল সেন্সরে

এ মাসেই মুক্তি পেতে পারে  স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। তানিম রহমান অংশু নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র।

একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির গল্প গড়ে উঠেছে। একটি সত্য ঘটনা অবলম্বনেই এর গল্প। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে ‘ন ডরাই’-তে।

এদিকে বেশকিছুদিন আগে সিনেমাটি সেন্সরে জমা পড়ে। সেন্সরবোর্ড ‘ন ডরাই’ সিনেমাটি দেখে প্রশংসা করলেও আপত্তি জানিয়েছে সংলাপে।

২১ নভেম্বর ছবিটি সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন বলে নিশ্চিত হওয়া গেল। দেখার পর তারা ছবিটি ভালো বললেও একে প্রদর্শনীর ছাড়পত্র দেননি। ছবির কিছু সংলাপ নিয়ে আপত্তি জানানো হয়েছে।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘বেশ সুন্দর একটি গল্প নিয়ে ‘ন ডরাই’ ছবিটি নির্মাণ করা হয়েছে। কিন্তু ছবির কিছু সংলাপে আমাদের আপত্তি রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনতে বলা হবে ছবির কর্তৃপক্ষকে। সংশোধনের পর ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে। আশা করছি এই ছবিটি দর্শক মুগ্ধ করবে।’

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে স্টার সিনেপ্লেক্স ফিল্ম প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’। এখানে এমন কিছু সংলাপ ছবিটিতে ব্যবহার করা হয়েছে যা দেশের অন্যান্য জেলার লোকদের কাছে অশ্লীল, আপত্তিকর মনে হতে পারে। বিষয়টি এমন যে; এক দেশের বুলি, আরেক দেশের গালি। সে জন্যই কিছু সংশোধনের পরামর্শ দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ ও শরীফুল রাজ। মডেল হিসেবে দুজনেই পরিচিত হলেও এবার তারা জুটি বেঁধে বড়পর্দায় আসছেন এ সিনেমার মাধ্যমে।

সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন বলিউড ছবি ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমাতে চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারে সেভাবেই ব্যবহার করা হয়েছে।