শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট গোতাভায়া রাজাপাকসের হাতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মাহিন্দা রাজাপাকসে।
বিবিসি জানায়, রবিবার গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে ভাইয়ের নাম ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে কলম্বোয় প্রেসিডেন্ট কার্যালয়ে ভাইয়ের হাতে ভাইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। এর মধ্যে দিয়ে দুই প্রেসিডেন্ট থাকা মাহিন্দা এবার দেশটির প্রধানমন্ত্রী হলেন।
দুই রাজাপাকসে ভাইয়ের বিরুদ্ধেই শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের ওপর চালানো গণহত্যার অভিযোগ আছে। ২০০৫-২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা প্রেসিডেন্ট থাকাকালীন প্রায় চল্লিশ হাজার বেসামরিক তামিল মাহিন্দার আমলে সেনাবাহিনীর হাতে নিহত হয়। সেই সময় দেশটির সেনাবাহিনীর প্রধান ছিলেন গোতাভায়া।
এ ছাড়া দুর্নীতির জন্যও অভিযুক্ত দুই ভাই। এই দুই ভাইয়ের হাত ধরে শ্রীলঙ্কাকে অবকাঠামোগত খাতে সাত বিলিয়ন ডলার ঋণ দেয় চীন। এই বিপুল পরিমাণ অর্থের অধিকাংশই লোপাট হয়ে যায়।
রাজাপাকসেরা চার ভাই। বড় ভাই চমল ছিলেন পার্লামেন্টের স্পিকার। তারপরই মাহিন্দা, গোতাবায়া ও বাসিল। ছোট ভাই বাসিলও রাজনীতিতে সক্রিয়।