অস্ত্র ও মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় শীর্ষ এক অস্ত্র ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে নামাজগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম সুজন আলী ওরফে বাবু (৩০)। তার বাড়ি পুঠিয়া উপজেলার নামাজগ্রামে।

রাজশাহী র‌্যাবের অধিনায়ক মাহফুজুর রহমান জানান, বাবুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ২ হাজার ৬৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, বাবু রাজশাহীর একজন শীর্ষ মাদক এবং অস্ত্র ব্যবসায়ী। সে বিভিন্ন বড় বড় অস্ত্রের চালান পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। স্থানীয়দের পক্ষ থেকেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র কারবারের অভিযোগ ছিল। এ নিয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক এবং অস্ত্রের আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

সকালে রাজশাহী র‌্যাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ৬ মাসে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে অভিযান চালিয়ে ৫৪টি আগ্নেয়াস্ত্র, ১৬৬ রাউন্ড গুলি, ৫০টি ম্যাগজিন, প্রায় ১৯ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৫-এর সদস্যরা।