বাস-মাইক্রো সংঘর্ষে এক পরিবারের সাতজনসহ নিহত ১০

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সাতজন একই পরিবারের।

শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম হতাহতের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ও চালক। এদের মধ্যে সাতজন একই পরিবারের বলে জানা গেছে।

হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস ও জেলার লৌহজং উপজেলার কনকসার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ছয়জন এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুজন মারা যান। বাকি দুজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।