ধুনটে এক নারীকে স্ত্রী দাবি করে দুই যুবকের মারামারি

বগুড়ার ধুনট উপজেলায় এক নারীকে নিজেদের স্ত্রী দাবি করে দুই যুবকের মধ্যে মারামারির খবর পাওয়া গেছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই নারীসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। অষ্টাদশী ওই নারীর স্বামী বলে দাবি করা দুই যুবক হলেন- উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২৬) ও একই এলাকার বিলচাপড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে কাজল মিয়া (২২)। 

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে জুয়েল রানার সঙ্গে পারিবারিক সম্মতিতে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর এক মাস ঘর-সংসার করে বাবার বাড়ি বেড়াতে যায় সে। এরপর সে আর স্বামীর বাড়িতে ফেরেনি। বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয় জুয়েল রানা।

এ অবস্থায় শুক্রবার বিকেলের ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কাজল মিয়ার সঙ্গে দেখতে পেয়ে এগিয়ে যান জুয়েল রানা। এ সময় ওই নারীকে নিজের স্ত্রী দাবি করে কাজলকে মারধর করে জুয়েল। তখন কাজলও পাল্টা জুয়েলকে মারধর করে। বিষয়টি স্থানীয় লোকজনের তাদের দু’জনকেই আটক করে থানায় সোপর্দ করে। থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকেও তাদের হেফাজতে নেয়।

থানা হেফাজতে ওই নারী জানান, মা-বাবা প্রায় ২ মাস আগে তার মতের বিরুদ্ধে জুয়েলের সঙ্গে তাকে বিয়ে দেয়। কিন্তু জুয়েলকে পছন্দ না হওয়ায় এক মাস আগে বাবার বাড়ি ফিরে একাই কাজলকে বিয়ে করেন। তবে জুয়েল রানার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়নি। তিনি কাজলের সঙ্গেই সংসার করতে চান বলে জানান।

ধুনট থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল জাব্বার বলেন, স্বামী দাবি করে মারপিট করায় দুই যুবক ও এক নারীকে থানা হেফাজত রাখা হয়েছে। তিনটি পরিবারকেই থানায় ডাকা হয়েছে। তারা থানায় আসার পর আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।