আশুলিয়ায় একটি ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উনাইল গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহত আসলাম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আহত আব্বাস উদ্দিন জানান, তাদের একটি ডোবায় দীর্ঘদিন ধরে জোর করে মাছ ধরে নিয়ে যেত স্থানীয় হানিফ, আবদুল কুদ্দুস, নূর উদ্দিন, আলাউদ্দিনসহ বেশ কয়েকজন।
শুক্রবার দুপুরে তিনি ও তার প্রতিবেশী নিজাম উদ্দিন, চান মিয়া, আসলাম ও আবদুল হাকিমসহ ১০-১২ জন ওই ডোবায় মাছ ধরতে যান। এ সময় হানিফের নেতৃত্বে ৩০-৪০ জন লোক ধারালো অস্ত্র, শাবল, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আশুলিয়া থানার এসআই কামরুজ্জামান বলেন, উনাইল গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত আবদুল কুদ্দুস ও তার ছেলে সোহেলকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।