ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের আধুনিকায়নে ৪২শ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরখান এলাকার মৈনারটেক উচ্চ বিদ্যালয়ে গণউন্নয়ন বিকাশ কেন্দ্র আয়োজিত ‘বেকার যুবক ও যুব মহিলাদের ফ্রি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচি ২০১৯’-এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘বর্তমানে ডিএনসিসির আয়তন দাঁড়িয়েছে ১৯২ বর্গকিলোমিটার। এখন আমাদের নতুন ১৮টি ওয়ার্ড সাজাতে হবে এটিই এখন বড় চ্যালেঞ্জ। এখানে পরিকল্পিত রাস্তা, বাজার, খেলার মাঠ, পার্ক, কমিউনিটি সেন্টার, নারী ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। গুলশান, বনানীর থেকে কোনো অংশে সুযোগসুবিধা কম থাকবে না এখানে।’
যুব ও তরুণ সমাজকে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই উল্লেখ করে মেয়র বলেন, ‘যুব সমাজ আমাদের সম্পদ, এই সম্পদকে কীভাবে আমরা আরও যথাযথভাবে দেশ গঠনের কাজে লাগাতে পারি, সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আর এই যুবকদের উপযুক্ত করে গড়ে তোলার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করা। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন প্রমুখ।