পেঁয়াজ, লবণের মূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী অর্থনীতির প্রতিফলন: আমির খসরু

একটি ব্যবসায়ী গোষ্ঠী সব সুযোগ-সুবিধা নিচ্ছে, তাদের বাইরে বাজার অর্থনীতি চলছে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তবাজার অর্থনীতি বাংলাদেশ আওয়ামী অর্থনীতিতে পরিণত হয়েছে। পেঁয়াজ এবং লবণের মূল্যের ঊর্ধ্বগতি সেই আওয়ামী অর্থনীতির প্রতিফলন।

শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম দিন উপলক্ষে জাতীয় দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে যারা গরিব, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত তাদের প্রকৃত আয় আরও কমে গেছে। সুতরাং তাদের জীবনযাত্রার যে মান সেটা আরও কমে যাচ্ছে।

তিনি বলেন, মানুষ ভয়ে কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, সংবাদপত্র লিখতে পারছে না, গণমাধ্যম দেখাতে পারছে না। একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে তারা দেশটাকে নিয়ন্ত্রণ করছে।

সাবেক এই মন্ত্রী বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তারা ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে না। শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না। উন্নয়নের নামে তারা ১০ হাজার কোটি টাকার প্রজেক্টকে ৫০ হাজার কোটি টাকায় পরিণত করে লুটপাট করে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।