পরিবহন ধর্মঘটের কারণে পেঁয়াজের দাম ফের কিছুটা বেড়েছে

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে শুক্রবার রাজধানীর বিভিন্ন আড়ত ও বাজারে ফের পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে দেখা গেছে।  

ঢাকার অনেক বাজারে ১৬০ থেকে ১৮০ টাকায় দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে। আবার কোথাও কোথাও এক কেজি পেঁয়াজের দাম ২০০ টাকাও রাখা হচ্ছে। তবে প্রতিকেজি ১২০ টাকা থেকে ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে মিশর থেকে আসা বড় আকারের পেঁয়াজ।

শুক্রবার রাজধানীর মিরপুরের ভাসানটেক, শাহ আলী এলাকার আড়ত, মিরপুর বড়বাগ কাঁচাবাজার, ছাপড়া মসজিদ কাঁচাবাজার, বাড্ডার পাঁচতলা বাজার ও কারওয়ান বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

ভারত রপ্তানি বন্ধ করার পর দুই মাস ধরে দাম বাড়তে বাড়তে গত সপ্তাহের শুরুতে দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ২৫০ টাকায় পৌঁছেছিল। সেই সঙ্গে মিয়ানমার, মিশর, চীন ও তুরস্কের পেঁয়াজের দামও বেড়েছিল।

এরপর বিভিন্ন জেলার বাজারে নতুন পেঁয়াজ ওঠার পাশাপাশি কার্গো বিমানে করে বিদেশ থেকে পেঁয়াজ আনার ঘোষণায় দাম কমতে থাকে। দুই-তিন দিনের মধ্যে কেজিতে প্রায় ১০০ টাকা কমে ১৫০-১৬০ টাকায় চলে আসে দেশি পেঁয়াজের কেজি।

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে বুধবার পরিবহন শ্রমিকদের ধর্মঘটের দিন থেকেই পেঁয়াজের দাম আবার বাড়তে থাকে।

শুক্রবার সকালে মিরপুরের ভাসানটেকে ১৮০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনেছেন ক্রেতারা। বড়বাগে দেশি পেঁয়াজ প্রতিকেজি ২০০ টাকা এবং মিসরীয় পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর বাড্ডার পাঁচতলা বাজার থেকে ১৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। সুপারশপ স্বপ্ন ও মীনা বাজারেও দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

মিরপুরের একজন বিক্রেতা বলেন, তিন দিন আগে মিরপুরের পাইকারি বাজারে দাম কমলেও এখন আবার বেড়ে গেছে। তাই তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

ঢাকার প্রধান পাইকারি বাজার শ্যামবাজারের ইমাম ট্রেডার্সের পরিচালক ইদ্রিস আলী মধু বলেন, বাজারে পেঁয়াজের আমদানি খুবই কম। তাই দাম একটু ঊর্ধ্বমুখী।

এদিকে শ্রমিক অবরোধের সুযোগে গত তিন দিনে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বেড়েছে। বৃহস্পতিবার অবরোধ উঠে গেলেও বাজারে সবজির দাম কমেনি।

মুরগির দাম স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগির কেজি ১২০ টাকা এবং সোনালি মুরগির কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের খুচরা দোকানগুলোতে পটল ৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, শসা ১০০ টাকা, করলা ৬০ টাকা, শিম ৬০ টাকা ও মুলা ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে অধিকাংশ সবজির দাম বৃহস্পতিবারের চেয়ে কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা করে বেড়েছে।