নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ডিম্বাকৃতির কষ্টি পাথরসহ এক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে অভিযান চালিয়ে পাথরটি জব্দ করা হয়।
এ সময় পাচারকারী চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে গেলেও চক্রটির সদস্য মো. আলমগীর (১৯) নামের একজনকে আটক করা হয়েছে।
আটক আলমগীর ওই উপজেলার ছয় টাক্কার ব্রিজ এলাকায় শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়েল সরকার (৩৮) কলমাকান্দার নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্মিতাকে বিয়ে করার সূত্রে ৯ বছর ধরে কলমাকান্দায় থাকেন। তিনি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বান সরকারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গোপনে খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়। এসময় ওই পাথরটি জব্দ করা হয়েছে। পাথরটির ওজন ছয় কেজি সাতশ গ্রাম।
ওসি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাত তিন/চার জনের নামে থানায় মামলা দেওয়া হচ্ছে। তাছাড়া, আটক আলমগীরকে শনিবার সকালে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।