মৌলভীবাজারে উদ্ধার ৬ মেছো বাঘের বাচ্চা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর থেকে ৬টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধান কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মেছো বাঘের ৬টি বাচ্চাকে দেখতে পান। পরে স্থানীয়রা বাঘের বাচ্চাদের দেখতে ভিড় করেন এবং শুক্রবার রাতে বন বিভাগকে খবর দেন। 

শনিবার সকালে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও প্রাণীপ্রেমী সোহেল শ্যাম পাপ্পু, পিয়াস আহমেদ ও বনপ্রহরী বুলবুল মিয়া মেছো বাঘের বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আসেন।

বর্তমানে বাচ্চাগুলো প্রাণীপ্রেমী সোহেল শ্যাম পাপ্পুর অধীনে শ্রীমঙ্গলের সবুজবাগে আছে। তার মাধ্যমে প্রাণীগুলোকে করে সুস্থ করে তোলার পর বনে অবমুক্ত করা হবে।

সোহেল শ্যাম পাপ্পু জানান, বাঘগুলো গতকাল থেকে কিছু খায়নি। এদের বয়স গড়ে ২৫ দিন হবে। ড্রপার দিয়ে খাওয়াতে হচ্ছে। মায়ের যত্ন ছাড়া এত ছোট বাচ্চাদের বাঁচিয়ে রাখা খুবই সতর্কতার এবং পরিশ্রমের ব্যাপার। তবে আমি আশাবাদী ৪/৫ মাসের সেবায় তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারব।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, সোহেলের কাছে দিয়েছি কারণ এই বয়সের বাচ্চাকে মাতৃস্নেহে সেবা দিতে হবে নয়তো বাঁচানো যাবে না। ৪/৫ মাসেই তারা সুস্থ এবং স্বাবলম্বী হয়ে যাবে তখন তাদের অবমুক্ত করা হবে।