জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি একই উপজেলার ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
নিহত আশরাফ আলীর ছেলে মোহাম্মদ হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশে মাঠে আফজালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে লাঠি দিয়ে শিক্ষক আশরাফ আলীকে বেধড়ক মারধর করেন আফজাল। এতে ঘটনাস্থলেই আশরাফের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দেয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।