মুক্তি পেল ধর্ষণ এবং যৌন হয়রানির গল্পে ‘টিয়ার গপ্পো’ (ভিডিও)

আন্না পুনমের ছোট গল্প ‘ভেনাসের ঝলসানো কিশোর ডানা’ অবলম্বনে তরুণ চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি চলচ্চিত্রটি  নির্মাণ করছেন। ২২ নভেম্বর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে বয়াতি বলেন “সমাজের প্রতিটি মানুষ ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষ বা মানসিক ভাবে জড়িত। যখন দেখি ছোট শিশু যৌন নির্যাতনের হাত থেকে রেহাই পায় না তখন নিজেকে অপরাধী মনে হয়, অথচ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা পারে এই ব্যাধি দূর করতে। আমি টিয়ার গপ্পো'তে ধর্ষিতার না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি।”

চলচ্চিত্রটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা আশিষ খন্দকার। তিনি বলেন “মনস্তাত্ত্বিকভাবে আলোড়িত করার মতো একটি কাজ। একজন অভিনেতা হিসেবে ধর্ষক চরিত্রে অভিনয় করা একটি চ্যালেঞ্জ ছিল, কারণ কোনো চরিত্রে অভিনয় করতে গেলে আমি শিল্পমাত্রাকে ধরে রাখার চেষ্টা করি। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন- ইকবাল হোসেন, জয়িতা মহলানবিশ, নিলুফার ওয়াহিদ এবং শিশু শিল্পী বৃষ্টি। চিত্রধারণ করেছেন কমল চন্দ্র দাস।চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান।বিভিন্ন উৎসব ঘুরে চলচ্চিত্রটি  অন্তর্জালে উন্মুক্ত হয়েছে।