নির্বাচনে মিলন, প্রচারণায় পূর্ণিমা

নোয়াখালিতে চলছে নঈম ইমতিয়াজ নেয়ামূলের সিনেমা ‘গাঙচিল’-এর শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক ফেরদৌস, নায়িকা পূর্ণিমা, অভিনেতা আনিসুর রহমান মিলন-সহ আরও অনেকে।

এদিকে শুটিং স্পট থেকে আনিসুর রহমান মিলন একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। যেখানে দেখা যায় নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে আছেন মিলন ও পূর্ণিমা।

ছবির রহস্য খুঁজতে দেশ রূপান্তর যোগাযোগ করে আনিসুর রহমান মিলনের সঙ্গে। তিনি বলেন, ‘এই সিনেমায় আমাকে ইকবাল চরিত্রে দেখা যাবে। যে সহজ সরল কিন্তু সবার প্রিয়। এই গ্রামেই একজন চেয়ারম্যান আছেন, যিনি ভালো নন। সাংবাদিক ফেরদৌস ও এনজিও কর্মী পূর্ণিমা চান ওই চেয়ারম্যানকে সরাতে। এলাকার মানুষের কল্যাণেই তাকে সরাতে হবে। এখানে তারা সৎ লোক হিসেবে আমাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেয়। এই মুহূর্তে সেই দৃশ্যগুলোরই শুটিং চলছে।’

মিলন আরও জানান, নোয়াখালিতে আরও বেশ কিছুদিন সিনেমাটির শুটিং চলবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে ছবিটি নির্মাণ হচ্ছে।

এই সিনেমায় উঠে আসবে চরের মানুষের জীবনের গল্প। এতে এনজিও কর্মী মোহনার চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা আর সাংবাদিক সাগর হিসেবে দেখা যাবে ফেরদৌসকে। এ ছবিতে আরও অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, তারিক আনাম খান, জয়রাজ প্রমুখ।