নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়নে উপকার ভোগীদের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে ১৫৬ জন উপকার ভোগীদের মাঝে ২ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
তিনি এসময় বলেন, বন বিভাগের জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বন বিভাগের কোন জমি দখল হতে দেওয়া যাবে না।
নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি, বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. জগলুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হনপতি রায়, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম, বন বিট কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে সর্বোচ্চ লভ্যাংশের চেক ১৩ লাখ ৭৫০ টাকা উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এরশাদ আলীকে প্রদান করা হয়।