বাবা মাকে অসম্মান ও তাদের মারধর করার অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শেখ গাজ্জালী হাসান (৩২) নামে এক যুবককে দুবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উজিয়ালপুর গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আল ইমরান রুহুল ইসলাম জানান, উজিয়াপুর গ্রামের মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই গ্রামে গিয়ে তদন্তে জানা যায় শেখ গাজ্জালী টাকা পয়সার জন্য ও অন্যান্য তুচ্ছ কারণে বাবা-মায়ের সঙ্গে অশোভন আচরণ করতেন এবং প্রায়ই তাদের মারধর করতেন।
শুক্রবার বিকেলে তিনি মাকে কুড়াল দিয়ে আঘাত করতে ধাওয়া দেন। এ ছাড়া সম্পªতি বাবাকে ছুরি দিয়ে মারতে উদ্যত হন গাজ্জালী। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে তা অস্বীকার করে। বাবা-মায়ের কাছে ক্ষমা চাইতে বললে তাতে রাজি না হয়ে, তার ফাঁসি হলেও ক্ষমা চাইবে না বলে জানান। অনেক বোঝানোর পরেও রাজি না হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুবছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।