লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামে গত শুক্রবার দুপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত নয়জনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণগাঁও উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে হলদিয়া সাতঘড়িয়া কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ও মামলা হয়েছে।
ওই দুর্ঘটনায় নিহতরা হলেন বর রুবেল ইসলাম ব্যাপারীর বাবা আব্দুর রশিদ ব্যাপারী (৬০), বোন লিজা আক্তার (২২), ভাগ্নি তাবাসসুম আক্তার (৪), ভাবি রুনা আক্তার (২২), ভাতিজা তাহসান (৩), মামাতো বোন রেণু (১২), ফুফা কেরামত আলী (৭০), চাচা মফিজুল ইসলাম (৬০) ও মাইক্রোবাসচালক বিল্লাল হোসেন (২৮)।
তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়কে প্রধান করে শুক্রবার রাতেই সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এদিকে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুঞা জানান, এ ঘটনায় শনিবার সকালে স্বাধীন পরিবহনের ওই বাসের অজ্ঞাত চালককে আসামি করে হাসাড়া হাইওয়ে পুলিশের টিএসআই দেলোয়ার হোসেন মামলা করেছেন।