বাল্যবিয়ে থেকে বাঁচলেন কিশোরী

নেত্রকোনার কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক স্কুলছাত্রী। গত শুক্রবার গভীর রাতে গনড ইউনিয়নের পাহাড়পুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম এ অভিযান চালান। এ ঘটনায় বরের বাবা চাঁন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর পলাতক।

জানা গেছে, বাল্যবিয়ের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি ময়মনসিংহের নান্দাইলের জলহরি গ্রামে। জরিমানার শিকার চাঁন মিয়া তার বাবার বাল্যবন্ধু। নোটারি পাবলিকের মাধ্যমে চাঁন মিয়ার ছেলে সঙ্গেই ওই স্কুলছাত্রীর বিয়ে হয়। ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে ওই কিশোরীকে বরের বাড়ি থেকে এনে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং নোটারি বাতিলের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তাছাড়া কিশোরীর বাবার কাছ থেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত তার মেয়েকে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবেন না মর্মে অঙ্গীকারানামা নেওয়া হয়।