মাওয়া ঘাট থেকে তৌহিদুজ্জামান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। ২০ নভেম্বর খাগড়াছড়িতে কর্মরত তৌহিদুজ্জামান ১৫ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন বলে তার স্ত্রী মোসলেমা খাতুন দাবি করছেন।
তৌহিদুজ্জামান সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাঁড়ি গ্রামের শেখ শামসুল মাস্টারের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাগেরহাটে ১০ বছর চাকরি করেছেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাগেরহাট শহরের পুরনো পুলিশ লাইনসের পাশে ভাড়া বাড়িতে তিনি থাকতেন। মোসলেমা খাতুন বলেন, ‘২০ নভেম্বর দুপুরে ১৫ দিনের ছুটি নিয়ে তৌহিদুজ্জামান বাগেরহাটের উদ্দেশে রওনা দেন। পথে আমাকে কয়েকবার ফোন করেন। ওই দিন রাত ১১টা ২০ মিনিটের সময় আমাকে ফোন দিয়ে বলে, আমি এখন মাওয়া ঘাটে। এই ছিল তার সঙ্গে আমার শেষ কথা। এরপর থেকে তার ফোন বন্ধ।’ স্বামী সাঁতার জানেন জানিয়ে তিনি বলেন, ‘মাওয়া ঘাট থেকে তিনি কেন, কীভাবে নিখোঁজ হলেন কিছুই বুঝে উঠতে পারছি না।’ বিষয়টি জানিয়ে বাগেরহাট সদর মডেল থানায় ও খাগড়াছড়িতে দুটি জিডি করা হয়েছে বলেও জানান মোসলেমা।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান জানান, তৌহিদুজ্জামানের মুঠোফোনের অবস্থান নিশ্চিত হতে কাজ শুরু করা হয়েছে।