ভাগ্য কখনো বড় নির্মম। কলকাতায় এসেছেন সাকিব আল হাসান। ইডেন গার্ডেনসে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের ইতিহাস গড়ার ক্ষণ বাংলাদেশের। কথা ছিল, সাকিব আল হাসান এই টেস্টে ভারতের বিরাট কোহলির সঙ্গে টস করতে নামবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই সফরের আগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া সাকিবের এখন ইডেনের দর্শকসারিতে বসে ম্যাচ দেখারও অধিকার নেই।
ব্যক্তিগত কাজে দেশের ইতিহাস সেরা অলরাউন্ডার সাকিব দু’দিনের সফরে এসেছেন কলকাতায়। সব ধরনের ক্রিকেট ও ক্রিকেট সম্পর্কিত কার্যক্রম থেকে নিষিদ্ধ। তাই ক্রিকেট সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক জমায়েত কিংবা অনুষ্ঠানে সাকিবের অংশ নেওয়ার সুযোগ নেই। যেমন তার অধিকার নেই ইডেনে চলমান ঐতিহাসিক টেস্টের সাড়্গী হওয়ার।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দুর্নীতিবিরোধী আইনের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, বাংলাদেশের খেলা চলাকালে একই শহরে থাকলেও স্টেডিয়ামে আসতে পারবেন না সাকিব। এই টেস্ট সংক্রান্ত কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। বড়জোর ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে টিম হোটেল কিংবা রেস্টুরেন্টে দেখা করতে পারবেন। তবে দল সম্পর্কিত কোনো কিছুতে অংশ হতে পারবেন না।
‘খেলা চলাকালে তার কলকাতায় থাকাটা কোনো ইস্যু না। তবে তিনি স্টেডিয়ামে যেতে পারবেন না। আইন অনুসারে কোনো আনুষ্ঠানিক জমায়েত বা অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না। এটা তখন তার বিরুদ্ধে যাবে। নিষিদ্ধ অবস্থায় নিয়ম ভঙ্গের দায়ে তখন বিশ্ব সংস্থা ব্যবস্থা নিতে পারবে।’ তার মানে এমনটা করলে সাকিবের এক বছরের যে স্থগিত নিষেধাজ্ঞা আছে সেটি কার্যক্রর হয়ে যাওয়ার শঙ্কাও জাগবে।
কিন্তু ব্যক্তিগত বৈঠক বা আড্ডার ড়্গেত্রে সাকিবের জন্য কি আইন? ‘বাংলাদেশ দলে তার বন্ধু থাকতেই পারে। ব্যক্তিগত যোগাযোগের পথ তো আর বন্ধ করা যায় না। তিনি খেলোয়াড়দের কারও সঙ্গে টিম হোটেল বা রেস্টুরেন্টে দেখা করতে পারেন। কিন্তু সেটা দল সম্পর্কিত কিছু হতে পারবে না’–ব্যাখ্যা দেন আইসিসির আইন বিশেষজ্ঞ।