সোসিয়েদাদকে হারিয়ে বার্সার ঘারে নিশ্বাস রিয়ালের

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ছন্দ হারায়নি রিয়াল মাদ্রিদ। বরং দাপটের সঙ্গে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার ওপর চাপ ধরে রেখেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় রিয়াল। দলের জয়ে একটি করে গোল করেন করিম বেনজেমা, ফেদেরিকো ভালভেরদে ও লুকা মদ্রিচ।

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। দলটির ডিফেন্ডার সের্হিও রামোসের ভুলে গোল করে বসেন অতিথি দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান হোসে।

৩৭তম মিনিটে ম্যাচে সমতা ফেরান বেনজেমা। লুকা মদ্রিচের ক্রস থেকে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন ফরাসি এই স্ট্রাইকার। এই নিয়ে রিয়ালের হয়ে গত তিন ম্যাচে পাঁচটি গোল করলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার!

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ভালভেরদে। এই গোলেও অবদান মদ্রিচের। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের পাসে ডি-বক্সের বাইরে থেকে গোলপোস্টের মাঝামাঝি দিয়ে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান ভালভেরদে।

৭৪তম মিনিটে নিজে গোল করেন মদ্রিচ। বেনজেমার হেডে ডি-বক্সের মাঝামাঝি স্থানে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়াতে দেরি করলেন না তারকা এই খেলোয়াড়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ১৩ ম্যাচে ২৮। দিনের শুরুতে লেগানেসের মাঠে ২-১ গোলের জয় পাওয়া বার্সেলোনার পয়েন্টও ১৩ ম্যাচে ২৮। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়নরা।