সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’কে বলিউডের ইতিহাসে অন্যতম সেরা থ্রিলার ধরা হয়।
২০১২ সালে মুক্তি পেয়ে একদম বক্স অফিস কাঁপিয়ে দেয় ছবিটি। এরপর ভিন্ন গল্পে ২০১৬ সালে মুক্তি পায় ‘কাহানি টু’, যদিও প্রথম ছবির মতো ততটা সাড়া পায়নি। কিন্তু মুখ্য তারকা বিদ্যা বালান জিতে নিয়েছিলেন দর্শক মন।
এখন শোনা যাচ্ছে, এই ছবির প্রিক্যুয়েল আসতে যাচ্ছে। তবে বিদ্যার থাকা নিয়ে সংশয় রয়েছে।
জি নিউজ জানায়, ‘কাহানি’ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন পরিচালক সুজয়।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এবার মুভিতে ধূসর চরিত্রে অভিনয় করতে পারেন অভিষেক বচ্চন। এখানেই চমকের শেষ নয়। ‘কাহানি’র প্রিক্যুয়েল বানাবেন না সুজয় ঘোষ, তার পরিবর্তে পরিচালকের আসনে বসতে পারেন মেয়ে দিয়া ঘোষ। এটাই বলিউডে তার প্রথম পরিচালিত ছবি হতে চলেছে।
২০১৮ সালে দিয়ার প্রথম শর্টফিল্ম মুক্তি পেয়েছিল। কান ফেস্টিভ্যালে সেই সিনেমাটি দেখানোও হয়েছিল।
এ দিকে প্রিক্যুয়েলে বিদ্যা থাকবেন নাকি অন্য কেউ অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি। ২০২০ সালে ছবিটি ফ্লোরে যাবে বলে জানা গেছে।
সুজয় ঘোষের সর্বশেষ ছবি ‘বদলা’ মুক্তি পায় বছরের শুরুর দিকে। অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুর অভিনয় বক্স অফিসও জিতে নেয়। ‘কাহানি’ প্রিক্যুয়েলে প্রযোজকের ভূমিকায় থাকবেন এই নির্মাতা। অন্যদিকে বিদ্যা বালানের সর্বশেষ ছবি ‘মিশন মঙ্গল’ আগস্টে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে।