ন ডরাই: শেষ গানে হাল না ছাড়ার বার্তা (ভিডিও)

সার্ফিং নিয়ে দেশের প্রথম ছবি ‘ন ডরাই’। সমুদ্র উপকূলের এক তরুণীর হাল না ছাড়ার গল্প এটি। আর সেই বার্তা পাওয়া গেলে ‘হারবো না’ শিরোনামের গান।

প্রযোজনা প্রতিষ্ঠান শো মোশন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘হারবো না’ প্রকাশ হয়েছে শনিবার। জানা গেছে, এটি ‘ন ডরাই’-এর তৃতীয় গান। এর আগে প্রকাশ হয় আরও দুটি গান- যন্ত্রণা ও সত্যি নাকি ভুল।

রাকিব হাসান রাহুলের কথায় ‘হারবো না’য় কণ্ঠ দিয়েছেন জেফার। সংগীত পরিচালনা করেছেন মার্ক ডন। তার সঙ্গে মিলে সুর করেছেন জেফার। চিত্রায়ণে গায়িকার সঙ্গে ছবি দুই অভিনেতা শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালকে দেখা গেছে।

চলতি মাসের শেষ শুক্রবার মুক্তির কথা রয়েছে তানিম রহমান অংশু পরিচালিত চলচ্চিত্রটির। তবে কয়েক দিন আগে জানা গেল সেন্সর জটিলতার কথা।

সেন্সর বোর্ডে ‘ন ডরাই’ প্রশংসিত হলেও আপত্তি উঠেছে সংলাপ নিয়ে।

২১ নভেম্বর সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, “বেশ সুন্দর একটি গল্প নিয়ে ‘ন ডরাই’ ছবিটি নির্মাণ করা হয়েছে। কিন্তু ছবির কিছু সংলাপে আমাদের আপত্তি রয়েছে। এসব বিষয়ে সংশোধনী আনতে বলা হবে ছবির কর্তৃপক্ষকে। সংশোধনের পর ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে। আশা করছি এই ছবিটি দর্শক মুগ্ধ করবে।”

বোর্ডের ভাষ্য, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হওয়ায় ‘ন ডরাই’-এ এমন কিছু সংলাপ ছবিটিতে ব্যবহার করা হয়েছে যা দেশের অন্যান্য জেলার লোকদের কাছে অশ্লীল, আপত্তিকর মনে হতে পারে।

শো মোশন কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনীয় সংশোধনী এনে তারা শিগগিরই ছবিটি আবার জমা দেবে।

সত্য ঘটনা অবলম্বন করে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন বলিউডের ‘পিংক’-এর চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমাটির প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে।