মুমিনুলদের হেয় করে কলকাতা পুলিশের বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদবদের বিপক্ষে বেশ ভুগতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। ভারতীয় পেসারদের বাউন্সারে অসংখ্যবার অসহায়ত্ব ফুটে উঠেছে টাইগারদের। লিটন দাস ও নাঈম হাসান তো মাথায় বলের আঘাত পেয়ে মাঠে ছাড়তে বাধ্য হন ইডেন টেস্টে। দেখাতে হয়েছে তাদের বদলি। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের হেলমেটে বল লেগেছে।

মুমিনুলদের এই অসহায়ত্বকে বিজ্ঞাপনের প্রচারণায় ব্যবহার করে বিতর্কের জন্য দিয়েছে কলকাতা পুলিশ। জনগণকে ট্রাফিক সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।

সেই প্রচারণার অংশ হিসেবে কলকাতা পুলিশ এবার ব্যবহার করেছে টাইগারদের হেলমেটে বল লাগার দৃশ্যকে। রবিবার ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে কলকাতা পুলিশ। যার গায়ে লেখা, ‘রাখে হেলমেট, মারে কে!’

অর্থাৎ রাস্তায় চলাচলে হেলমেট যে সুরক্ষিত করে বাইক চালকদের, সেই বার্তাটিই দিতে চেয়েছে কলকাতা পুলিশ। কিন্তু বাংলাদেশের দর্শকেরা ভালোভাবে নেয়নি এই প্রচারণা। তারা বলছে, টাইগারদের হেয় করা হয়েছে এখানে। কলকাতা পুলিশের ফেইসবুক পেজে সেই পোস্টেও অনেকেই ক্ষোভ ঝেড়েছেন।

ক্রিকেটীয় অনেক বিষয়কে এর আগেও ট্রাফিক প্রচারণায় ব্যবহার করেছে কলকাতা পুলিশ। যার কোনো কোনোটা বিতর্কের জন্ম দিয়েছে। কোনোটা ব্যাপক প্রশংসিত হয়েছে।