বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ এড়াতে ধান কাটতে নিষেধ করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার এসআই সৈয়দ আবু তালেবের মাথা ফাটিয়েছে এক পক্ষের ভাড়াটে লোকজন। তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের চন্দরিয়া দহপাড়া গ্রামের আইনীভিটা কান্দরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার জবেদ আলী নামে এক ব্যক্তি আইনীভিটা কান্দরের ১৫ বিঘা জমি কয়েক বছর ধরে ভোগদখল করে আছেন। এবারও ওই জমিতে আমন ধান আবাদ করেন তিনি। এদিকে সেই জমি নিজেদের দাবি করে একই এলাকার আমিরের ছেলে হাকিম, করিম, শামসুল তাদের ভাড়াটে ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে সকালে ধান কাটতে যায়। এতে জবেদ আলী পুলিশের শরণাপন্ন হন। পুলিশ দুপুরে গিয়ে তাদের ধান কাটতে নিষেধ করে। এ সময় তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে পীরগঞ্জ থানার এসআই আবু তালেবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।