মোংলার পশুর নদীতে ট্রলার ডুবে সুন্দর বিশ্বাস (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব ঘাট থেকে মোংলার হোলসিম ঘাটে আসার সময় নদীতে থাকা একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। সুন্দরের বাড়ি দাকোপ উপজেলার বাজুয়া গ্রামে।
ট্রলারটিতে ১২০ জনের মতো যাত্রী ছিল বলে জানিয়েছেন ওই ট্রলার থেকে সাঁতরে তীরে ওঠে যাত্রীরা। তবে কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি তার নিচে চলে যায়। তাৎক্ষণিক অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে ওঠে এলেও সুন্দর পারেননি। পরে তার লাশ উদ্ধার করা হয়। আরও যাত্রী নিখোঁজ থাকতে পারে, তাই উদ্ধার কাজ চলছে।