ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পথে জাহাজডুবির ঘটনায় ৫ নারীসহ ৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। ইতালির ল্যাম্পদুসা দ্বীপের কাছে গত শনিবারের ওই ঘটনায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল রবিবার ইতালির কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আনুমানিক ১৬০ জন যাত্রী নিয়ে ইউরোপ যাচ্ছিল ওই জাহাজটি। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১০ মিটার উচ্চতার ওই জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করে ঘটনাস্থলে থাকা কোস্টগার্ডের সদস্যরা। ৪টি দলে বিভক্ত হয়ে প্রথম ধাপে মোট ১৪৩ জনকে উদ্ধার করে তারা।
এরপর ২০ জন যাত্রী নিখোঁজ থাকার খবরে অভিযান অব্যাহত রাখে ইতালিয়ান কোস্টগার্ড ও নৌবাহিনী। ল্যাম্পদুসা দ্বীপ থেকে শুরু করে ইউরোপের শেনজেন এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সর্বশেষে গতকাল রবিবার পর্যন্ত ১৫০ জনকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারীরা।
উদ্ধার হওয়া অভিবাসীরা কোন দেশের তা এখনো নিশ্চিত করেনি ইতালির কোস্টগার্ড কর্তৃপক্ষ।
দারিদ্র্যপীড়িত উত্তর আফ্রিকা উপকূলের খুব কাছেই ভূমধ্যসাগরীয় ল্যাম্পদুসা দ্বীপের অবস্থান। যে কারণে দেশত্যাগী অভিবাসীরা ইউরোপে প্রবেশের জন্য প্রথমে এই দ্বীপে এসে অবস্থান নেয়। আর তাই সেখানে এরকম জাহাজডুবির ঘটনা হরহামেশাই ঘটে থাকে।