যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে ইকবাল মাহমুদ

দুদকে অনেককেই আসতে হচ্ছে আসতে হবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণে প্রতিটি সেক্টরেই কাজ করছে দুদক। গতকাল রবিবার কমিশনের প্রধান কার্যালয়ে যুক্তরাজ্যভিত্তিক ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) গভর্ন্যান্স টিম লিডার এইজলিন বাকেরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতির ব্যাপকতা রয়েছে, এ কথা আমি অস্বীকার করছি না। তবে তা নিয়ন্ত্রণে প্রতিটি সেক্টরেই কমিশন কার্যক্রম পরিচালনা করছে। আমরা হয়তো আজই সবাইকে ধরতে পারব না। তবে প্রতিকারমূলক কার্যক্রমের মাধ্যমে সবার মাঝে একটি বার্তা দিতে সক্ষম হয়েছি যে আজ হোক কাল হোক সবাইকে জবাবদিহি করতে হবে। দুদকে অনেককেই আসতে হচ্ছে, অনেককেই আসতে হবে। তবে দুর্নীতি দমনে সমন্বিত অঙ্গীকারের প্রয়োজন। তিনি বলেন, কমিশনের অভিযোগকেন্দ্রের হটলাইনন-১০৬-এ লাখ লাখ অভিযোগ আসছে। অধিকাংশ অভিযোগ হয়তো কমিশন আইনের তফসিলভুক্ত নয়। তারপরও মানুষ তাদের অভিযোগ জানানোর একটি প্ল্যাটফর্ম পেয়েছে। তারা তাদের কথা জানাতে পারছে। কমিশন থেকেও যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের ক্ষোভ জানানোর একটি মাধ্যম হিসেবে ১০৬ ব্যবহৃত হচ্ছে।

প্রতিনিধিদলের এক প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে নিয়োগ-পদোন্নতি-পদায়নে স্বচ্ছতার অভাব রয়েছে। এ ড়্গেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করা গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। শিক্ষকদের অনেক সময় সরকারি অন্যান্য কাজে সম্পৃক্ত করে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট করা হচ্ছে।