নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল বাকপ্রতিবন্ধী শিশুর লাশ

বাগেরহাটের ফকিরহাটে নিখোঁজের দুই দিন পর তাসকিন নামে ১০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার দুপুর থেকে শিশু তাসকিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তাসকিন ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের মোহম্মদ মোসার ছেলে।

ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, গত শনিবার বাড়ির উঠানে ছেলেটি একা খেলা করছিল। দুপুর গড়িয়ে বিকেল হলেও ছেলেটিকে না পেয়ে আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার।

সোমবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করলে তাসকিনের পরিবার তাকে শনাক্ত করে।

ওসি বলেন, সবার অজান্তে ছেলেটি ডোবায় পড়ে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করছি। তাসকিন বাক প্রতিবন্ধী ছিল। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।