ইডেন টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় হার্শা ভোগলেকে অপমানজনক কথা বলে বিতর্কের মুখে পড়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। দর্শকদের অভিযোগ, ভোগলের প্রতি অপমানসূচক মন্তব্য করেছেন সঞ্জয়।
ওই ম্যাচে গোধূলিতে বল দেখতে সমস্যা হচ্ছে কি না, এমন প্রশ্ন উঠছে। আর এ ব্যাপারে ধারাভাষ্য দেওয়ার সময় আলোচনা করছিলেন মাঞ্জরেকার ও ভোগলে।
ভোগলে বলেন, গোলাপি বল দেখতে সমস্যা হচ্ছে কি না, তা জিজ্ঞেস করে দেখা দরকার ক্রিকেটারদের। মাঞ্জরেকার দাবি করেন বল দেখতে সমস্যা হচ্ছে না। তার মতে, প্রথম দুই দিনে স্লিপ কর্ডনে যেভাবে কঠিন ক্যাচ ধরা হয়েছে, তাতে বল দেখতে সমস্যার প্রশ্নই ওঠে না। ভোগলে ফের বলেন, এ ব্যাপারে ক্রিকেটারদের প্রশ্ন করা উচিত।
মাঞ্জরেকার এবার বলে ওঠেন, ‘আপনাদের উচিত, বল দেখা যাচ্ছে কি না তা হার্শাকে প্রশ্ন করা। আমরা যারা অল্প-স্বল্প ক্রিকেট খেলেছি, তাদের বলার দরকার নেই। এটা তো পরিষ্কার যে বল দেখতে কোনও সমস্যা হচ্ছে না।’
এমন মন্তব্য নিয়েই পড়ে গেছে শোরগোল। ভোগলের ক্রিকেটজ্ঞানের প্রতি অপমান হিসেবেই দেখছে ক্রিকেট মহলের একাংশ।
টুইটারে একজন লিখেছেন, ‘সঞ্জয়ের মাত্রা ছাড়ানো কথা মানা যায় না। ভোগলে যুক্তি সংগত কথা বলছিলেন। অথচ তাকে করা হল অপমান।’