ভুল স্বীকার করে মাঞ্জরেকার বললেন ‘বাংলাদেশ দ্বিতীয় সেরা দল’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশকে পাত্তা দিতে চাননি অনেক সাবেক ক্রিকেটার। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তো বাংলাদেশ নিয়ে আলোচনাই করতে রাজি ছিলেন না। জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলেছিলেন। তবে ভারত ম্যাচের পর তার ভুল ভেঙেছে।

গতকাল ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ৪১ রানে হেরেছে বাংলাদেশ। আজ পাকিস্তানকে হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে লিটন দাসের দল। এর আগে বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলকে মাঞ্জরেকার বলেন, ‘গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়ত আফগানিস্তানই শক্তিশালী এবং এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি।’

শেষ পর্যন্ত বাংলাদেশের পারফর্মেন্স মাঞ্জরেকারের সেই ধারণা বদলে দিয়েছে। এ কারণেই তিনি বাংলাদেশকে ভারতের পর দ্বিতীয় সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন, ‘তবে এখন স্পষ্টভাবে বুঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল। কিন্তু বাংলাদেশ মোটামুটি সব সেক্টরেই ভালো করছে। বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে।’

এশিয়া কাপে দুই ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ভারত একতরফাভাবে জিতেছে। মাঞ্জরেকারের মতে, পাকিস্তানের ক্রিকেট অন্তত ১৫ বছর পিছিয়ে আছে। সে তুলনায় বাংলাদেশ ক্রিকেটের তিন বিভাগেই দারুণ উন্নতি করে যাচ্ছে। তার ভাষায়, ‘পাকিস্তান প্রায় ১৫ বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি। তরুণরা দিনদিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত