কদিন আগেই ভারতীয় নির্বাচক কমিটির কড়া সমালোচনা করেছিলেন দেশটির সাবেক উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার। নির্বাচক কমিটির সদস্যদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। যুবরাজ সিংও কটাক্ষ করেন এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন কমিটির। এবার সেই কমিটি পরিবর্তনেরই দাবি জানালেন আরেক সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩৯ বছর বয়সী বর্ষীয়ান এই স্পিনার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে নির্বাচক কমিটি পরিবর্তনের দাবি জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সাঞ্জু স্যামসনের বাদ পড়ায় ক্ষোভের মুখে এই দাবি জানান হরভজন।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনকে। তবে কোনো ম্যাচেই একাদশে রাখা হয়নি তাকে। কিন্তু কোনো ম্যাচ সুযোগ না দিয়েই তাকে বাদ দেওয়া হয়েছে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ থেকে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি কোনোটিতেই সুযোগ হয়নি স্যামসনের। নির্বাচকদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লোকসভার সাংসদ শশী থারুর। তিনি টুইট করেন, ‘কোনো সুযোগ না পেয়ে সাঞ্জু স্যামসনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। তিনটি টি টোয়েন্টিতে পানি টানতে দেখা গেছে তাকে। ওর ব্যাটিং দক্ষতার কি পরীক্ষা নেওয়া হল?’
শশী থারুরের সেই টুইটের সহমত পোষণ করে হরভজন হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘নির্বাচক কমিটি পরিবর্তনের দরকার। নির্বাচক প্যানেলে অভিজ্ঞ লোকের দরকার। আশা রাখি সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা করবেন।’