চট্টগ্রামে ১৬ কোটি টাকার কোকেনসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের হালিশহরে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকার কোকেনসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব-৭।

সোমবার দুপুরে বড়পুলের পিসি রোড থেকে এক কেজি কোকেনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে র‌্যাব জানায়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন নগরীর আকবর শাহ বিশ্বকলোনী পি-ব্লক এলাকায় বসবাস করলেও তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার নিকুঞ্জরা গ্রামে।

র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদ পেয়ে বড়পুল এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পত্রিকার কাগজ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১ কেজি নিষিদ্ধ কোকেন জব্দ করা হয়।

র‌্যাবের দাবি সে একজন মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ সে কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আনোয়ারকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।