সংঘর্ষ এড়াতে ধান কাটতে নিষেধ করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার এসআই আবু তালেবকে আহত করার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আর ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রবিবার রাতে থানার এসআই শাখাওয়াত হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় রবিবার আটক ৫ জনকে গতকাল সোমবার গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, রবিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের চন্দরিয়া দহপাড়া গ্রামে আইনীভিটা কান্দরে করিমের ভাড়াটে লোকজনের হামলায় আহত হন এসআই তালেব। তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে করিম, ফরিদ, লিটন, হারুন ও শুকুর আলী নামে ৫ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।