এমপি স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ খারিজ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ গত রবিবার খারিজ করে দিয়েছেন এই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

জাতীয় সংসদের অনুমতি না নিয়ে এই অভিযোগ দাখিল করায় মামলাটি যথাযথভাবে হয়নি মর্মে বিচারক অভিযোগটি আমলে না নিয়ে খারিজ করে দেন।  

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার এই অভিযোগ দাখিল করেন ।  

এই অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে প্রধান অভিযুক্ত করা হয়। এছাড়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম ব্যাপারী, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার,শাহজাদপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিন সহ মোট ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে বিবাদী করা হয়।

অভিযোগকারী আবুল হোসেন সরকার জানান, এ বিষয়ে এমপি স্বপনের সাথে আপোষ মীমাংসা হওয়ায় তিনি এ বিষয়ে আর কোন পদক্ষেপ নেবেন না।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন জানান, অভিযোগটি মিথ্যা ও বানোয়াট হওয়ায় বিচারক তা খারিজ করে দিয়েছেন। এছাড়া এ বিষয়ে বাদীও তার ভুল বুঝতে পেরেছে। তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।