মহেন্দ্র সিং ধোনির আদৌ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে তো? এই প্রশ্নের মাঝে সোমবার খবর প্রকাশ হয়েছে, আইপিএলের আগেই ঢাকায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ফিরবেন ভারতের সাবেক অধিনায়ক। সব ঠিক থাকলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন ধোনি।
কিন্তু সেটা না হয় হলো। ভারতীয় দলে ধোনির ভবিষ্যৎ কি হবে? ভারতের কোচ রবি শাস্ত্রী বলছেন, ‘ধোনির ভবিষ্যৎ নিয়ে কোনো আগাম পূর্বাভাস নয়। আইপিএল পর্যন্ত অপেক্ষা করুন।’
সংবাদমাধ্যমকে ভারতীয় কোচ বলেন, ‘ধোনির অবসর নিয়ে এখনই কোনো ভবিষ্যদ্বাণী করা উচিত হবে না। ও কখন খেলা শুরু করবে, সেটা দেখার। জাতীয় দলের হয়ে বাকি উইকেটরক্ষকরা কেমন পারফর্ম করছে, সেটাও বিবেচ্য হবে। আইপিএল পর্যন্ত সকলে অপেক্ষা করে রয়েছে। আইপিএলের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপের ১৫ জনের দল (টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাছাই করা হবে।’
ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন ধোনি। নিজ ইচ্ছেয় কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। অংশ নেন সেনা ট্রেনিংয়ে। যে কারণে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তাকে বিবেচনা করেনি নির্বাচকেরা। যদিও অনুশীলন শুরু করেছিলেন ধোনি।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ তো ধোনির ভবিষ্যৎ নিয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন, ধোনিকে ফেলে আপাতত সামনের দিকেই এগিয়ে যেতে চান তারা।
শাস্ত্রীর কথায় অবশ্য সেই ইঙ্গিত নেই, ‘আইপিএলের পরেই স্কোয়াডের চিত্র পরিষ্কার হবে। চোট আঘাতের সমস্যা থাকতে পারে কোনো ক্রিকেটারের। এখনই ভবিষ্যদ্বাণী না করে আইপিএল পর্যন্ত অপেক্ষা করা হোক। তারপরে বোঝা যাবে ১৭ জনের স্কোয়াডে কারা কারা থাকতে যাচ্ছে।’
ধোনির বয়স এখন ৩৮। ২০২০ সালের অক্টোবরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ ধোনি তখন ৩৯ পূর্ণ করে ৪০-এ পা দেবেন। বুড়ো ধোনিকে দলে রাখবে তো ভারত? নাকি তার আগেই অবসরে চলে যাবেন ভারতের অন্যতম সফল অধিনায়ক? এসব নানা প্রশ্নই আসলে ধোনি ভক্তদের মনে ঘুরছে। যার উত্তর দিতে পারে কেবল সময়।