নৈশ প্রহরীকে মারপিটের প্রতিবাদে এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনের অপসারণ দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে এলাকাবাসী তাড়াশ বাজার ও উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে। এ ছাড়া মিছিল শেষে উপজেলা চেয়ারম্যান মুনিরুজ্জামান মুনির বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মিছিল শেষে উপজেলা চত্বরে ফারুক হোসেন মহুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মজনু মিয়া, শাহাদৎ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন অন্যায়ভাবে উপজেলা সমাজসেবা অফিসের নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে নির্দয়ভাবে পিটিয়েছেন। বর্তমানে তার জীবন সংকটাপন্ন। আমরা শাহাদৎ হোসেনের অপসারণ ও দৃষ্টান্তমূলক শািস্ত দাবি করছি।
উল্লেখ্য, তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বেশ কিছু দিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে (৫৬) অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত সোমবার সকালে নৈশ প্রহরী তাড়াশ উপজেলা নির্বাহী বরাবর তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেনে তিনি ক্ষুব্ধ হয়ে ওই নৈশ প্রহরীকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে গালিগালাজ ও মারধর করেন।