চাঁপাইনবাবগঞ্জে স্বামীকে গুম করার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জামাল বাদশা নামে এক যুবককে গুম করার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শ^শুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ওই যুবকের বাবা সফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। একই অভিযোগে তিনি আদালতে মামলাও করেছেন।

মামলার আরজি ও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম উল্লেখ করেন, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নবীনগর গ্রামের জামাল বাদশার সঙ্গে ১৫-১৬ বছর আগে একই ইউনিয়নের মামলত বিশ্বাসটোলার আবদুল হান্নানের মেয়ে শওকত আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাল শ্বশুরবাড়িতে থাকতেন। সম্প্রতি হঠাৎ করেই ছেলে ও ছেলের স্ত্রী তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম দাবি করেন, তারা ধারণা করছেন জামালকে হত্যার পর গুম করেছে শওকত আরা ও তার পরিবার।

সফিকুল ইসলাম বলেন, হঠাৎ করেই জামালের নামে তার স্ত্রী যৌতুকের মামলা করেন। মামলা দায়েরের পর তারা জানতে পারেন জামাল নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে শওকত আরাকে পাওয়া যায়নি।