তোপের মুখে সালমান খান

এ বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘দাবাং-৩’। ইতিমধ্যেই সালমান ভক্তরা সিনেমাটির টিজার দেখে ফেলেছেন। দেখেছেন ‘হুড় হুড় দাবাং’-এর টিজারও। সবাই যখন হুড হুড দাবাং এর সুরে মত্ত ঠিক তখনই তোপের মুখে পড়লেন সালমান খান। কারণ হিন্দু জন জাগৃতি সংঘ ঘোষণা করল এই গান নাকি হিন্দু সংস্কৃতির অবমাননা করে। আপাতত এই দাবিতেই সালমান খান অভিনীত দাবাং ৩ এর বিরুদ্ধে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে অভিযোগ জানিয়েছে যাতে এই সিনেমার সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডের হিন্দু জাগৃতি সমিতির সম্পাদক সুনীল গানওয়াত এই প্রশ্ন তুলেছেন। তার কথায় ওই গানের সঙ্গে সালমান ঘৃণ্য ও অশালীন ভঙ্গিতে নাচ করেছেন। এবং সেই সঙ্গে তিনি সাধুদেরও সঙ্গে নিয়েছেন। এতে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির অবমাননা হচ্ছে।

হিন্দুরা এই অপমান কিছুতেই মেনে নেবে না। এছাড়াও তার দাবি সালমান আজ সাধুদের নিয়ে যে রসিকতা করলেন তা কি মৌলবী বা ফাদারদের সঙ্গে করতে পারতেন? এই গানে দেখা যায় সালমান শিব-বিষ্ণু এবং ব্রহ্মার থেকে আশীর্বাদ নিচ্ছেন। ঋষিদের সঙ্গে নাচ করতে করতে কেন এমন করলেন সালমান এই নিয়েই তাদের আপত্তি। এর আগেও শুটিং এর একটি দৃশ্য ভাইরাল হওয়ায় বিতর্কের মুখে পড়েছে এই সিনেমা। দাবাং ৩-এর শুটিং শুরু হওয়ার পর থেকেই নানা সমস্যা চলছে। সোনাক্ষী সিনহা, কিচ্চা সুদীপা, সাই মানজেকর ছাড়াও মুখ্য ভূমিকায় আছেন আরবাজ খান। এবারের পরিচালক প্রভু দেবা। যদিও গল্প লিখেছেন স্বয়ং সালমান।