ফুটওভার ব্রিজ ব্যবহারে পিঠাপুলি

সড়ক পরিবহন আইন বাস্তবায়ন নিয়ে টানাপড়েনের মধ্যে রাজধানীতে ব্যতিক্রম উদ্যোগের দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন এলাকায় ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহারকারীদের শীতের পিঠাপুলি খাওয়ানো হয়। বেসরকারি দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন নাগরিকদের সচেতনতায় লিফলেট বিলির পাশাপাশি আইন মান্যকারীদের পিঠা খাওয়ায়।

গতকাল সরেজমিনে বিমানবন্দর সড়ক, ফার্মগেট, মিরপুর-১০ ও প্রগতি সরণি এলাকায় দেখা যায় ফুটওভার ব্রিজের সামনে একদল তরুণ-তরুণী বিলি করছে সচেতনতামূলক লিফলেট। পাশাপাশি কেউ ফুটওভার ব্রিজ অথবা জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হলে তার হাতে পিঠা তুলে দেওয়া হচ্ছে।

ফার্মগেটে মাত্র কয়েক গজ দূরেই ফুটওভার ব্রিজ। এরপরও ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছিলেন পঞ্চাশোর্ধ নারী। কিছু বুঝে ওঠার আগেই কতিপয় তরুণ তার পথ আগলে ফুটওভার ব্রিজ পারের অনুরোধ জানান। একপর্যায়ে ওই নারী ব্রিজে উঠলে আরও কয়েক তরুণ এসে হাতে পিঠা দেন। এ সময় তাকে বোঝানো হয়, সময়ের চেয়ে জীবনের অনেক মূল্য বেশি। আইনকে সম্মান জানিয়ে ফুটওভার ব্রিজ পার হওয়া উচিত।

এমন ঘটনা দেখে উচ্ছ্বসিত পথচারী আওলাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, প্রতিদিনই তার মতো অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। পিঠা দেওয়ায় সত্যিই ভালো লেগেছে। এখন থেকে আর আইন ভাঙব না। ফুটওভার ব্রিজ ব্যবহার করব। অন্যকেও ব্যবহারে উৎসাহ দেব। প্রগতি সরণির আবরার ফুটওভার ব্রিজ পারাপারের সময় পিঠা পেয়ে আবদুল ওবায়েত বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানাই। তারা প্রত্যেক দিন সচেতন করবে না। নিজ থেকে সড়ক ব্যবহারে আমাদের সচেতন হতে হবে।’