আজ ন্যু ক্যাম্পে ডর্টমুন্ড অ্যানফিল্ডে নাপোলি

লিওনেল মেসির সঙ্গে সম্পর্কে এখনো জড়তা রয়ে গেছে অ্যান্তোনিও গ্রিজমানের। যে কারণে বার্সার আক্রমণভাগ এই মৌসুমে পুরোপুরি জ্বলে উঠতে পারছে না। এ বিষয় নিয়ে এতদিন নিশ্চুপ থাকা এই ফ্রেঞ্চম্যান অবশেষে মুখ খুললেন। জানালেন তার দোষেই এই অবস্থা। ‘কুণ্ঠাবোধ’ তাকে বাকিদের সঙ্গে মিশতে পিছিয়ে রাখছে। দ্রুত ব্যাপারটি কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আজ চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ। এ লড়াইয়ে ঝামেলা মেটাতে পারবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা! 

লেগানেসের বিপক্ষে লা লিগার গত ম্যাচে প্রথমবারের মতো ‘ফ্যাব ফোর’কে নামায় বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, দেম্বেলে ও গ্রিজমানÑ চারজন একসঙ্গে এই ম্যাচেই প্রথম খেললেন। কিন্তু দিন শেষে স্কোরশিটে নাম উঠল কেবল সুয়ারেজের। এর সঙ্গে গোল করেন গ্রিজমানের বদলি হিসেবে নামা আর্তুরো ভিদাল। তাহলে কি বার্সার ‘ফ্যাব ফোর’-এর সমীকরণ মিলছে না? আসলে লজ্জার কারণে কারও সঙ্গে নাকি কথাই বলেন না গ্রিজমান। মাঠের বাইরে যখন এই অবস্থা, মাঠের ভেতর তো জড়তা থাকবেই। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে উয়েফা ডটকমকে গ্রিজমান বলেন, ‘আসলে আমি খুব লাজুক প্রকৃতির। আমি সবার সঙ্গে মিশতে পারি না। কারও সঙ্গে কথোপকথন শুরু করার মতো ব্যক্তি আমি নই। তবে লিও, লুইস এবং আমি নিজেদের বুঝতে শুরু করেছি। আমরা একসঙ্গে রাতের খাবারেও গিয়েছি। সময়ের সঙ্গে আমাদের সম্পর্ক খুব সুন্দর হয়ে উঠবে। আমি এ ব্যাপারে নিজেকে শোধরানোর চেষ্টা করছি। জানি এটাই আমাদের মাঠের রসায়ন উন্নত করার কাজে দেবে।’ লজ্জা গ্রিজমানকে পিছিয়ে রাখলেও মেসির সঙ্গে কোনোরকম বাজে সম্পর্ক নেই বলে জানিয়েছেন। বরাবরের মতো এবারও মেসির প্রশংসা করলেন মন খুলে, ‘মনে হয় মেসির মতো ফুটবলার আগামী ৪০ বছরেও আসবে না। মাঠে সে যা করে তা অবিশ্বাস্য। তাকে খেলতে দেখা সত্যিই দারুণ।’

১০৭ মিলিয়নে আতলেতিকো মাদ্রিদ থেকে দলের মূল স্ট্রাইকার হিসেবে এসেছিলেন গ্রিজমান। কিন্তু সেই মানের ফুটবল উপহার দিতে পারছেন না তিনি। আর তাই বার্সেলোনাও এবার লাগাম ছেড়ে ছুটতে পারেনি। রিয়ালের সঙ্গে সমান ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও লা লিগার ছাপ এসেছে। চার ম্যাচে তাদের দুটি করে জয় ও ড্রতে ৮ পয়েন্ট। দুই ড্রয়ের একটি ডর্টমুন্ডের সঙ্গে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ডর্টমুন্ড। ৪ পয়েন্ট নিয়ে ইন্তার মিলান তিনে। এফ গ্রুপ থেকে তিন দলেরই সম্ভাবনা আছে শেষ ১৬-তে যাওয়ার। তবে ঘরের মাঠে বার্সা আজ জিতে গেলে তাদের নকআউটের সম্ভাবনা বাড়বে। 

বার্সা-ডর্টমুন্ড ছাড়া দিনের অন্য হাইভোল্টেজ ম্যাচ লিভারপুল বনাম নাপোলির। দুই দলের প্রথম লড়াইয়ে জিতেছিল নাপোলি। ওটা ছিল দু’দলেরই প্রথম ম্যাচ। তাতে জিতে বিশেষ কিছুর ইঙ্গিত দেয় নাপোলি। কিন্তু মৌসুম যত পুরনো হচ্ছে ততই নাপোলির ধার কমছে আর লিভারপুলের বাড়ছে। হোম ম্যাচে আজ স্পষ্ট ফেভারিট হয়েই নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। কাকতালীয় কিছু না হলে তাদের থামানোর মতো অবস্থা নেই ইতালির দলটির। তাই ই গ্রুপে আজই নকআউট নিশ্চিতের পথে ৪ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া লিভারপুল। সমান খেলায় ৮ পয়েন্ট পাওয়া নাপোলিরও সুযোগ থাকবে। কারণ, শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তলানির দল গেঙ্ক।

রাতের অন্যান্য ম্যাচে বড় ক্লাবগুলোর মধ্যে চেলসি খেলবে ভ্যালেন্সিয়ার মাঠে। ইন্তার মিলানেরও অ্যাওয়ে ম্যাচ সøাভিয়া প্রাগের বিপক্ষে। এছাড়া বেনফিকা-লেইপজিগ, রেসিং জেঙ্ক-সালজবুর্গ, লিলে-আমস্টারডাম, পিটার্সবার্গ-লিঁও মুখোমুখি হবে।