ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে : ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের বাসায় ‘অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা নেই বিএনপির’– আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ক্ষমতাসীন দলের নেতাদের সমালোচনা করে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তারা এখন নিজেদের প্রভু ভাবতে শুরু করেছে। রাষ্ট্রের প্রভু তারা, এটাই তাদের সমস্যা হয়ে গেছে। সবকিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভিন্ন একটা রাজনৈতিক দল কীভাবে চলবে এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। তিনি বলেন, আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাই না, আমরা অবগত করি। এ সরকার যেটা করছে সেটা গ্রাম্য মোড়লের কায়দায়। সরকার অনুমতি দিতে টালবাহানা করে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা খুব কঠিন।

সরকার বাজার ব্যবস্থাপনায় সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, কোনোমতেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, ধানের দাম কমছে, চালের দাম বাড়ছে। এ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি আন্দোলন করেছে– এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু অন্যরা আন্দোলন করতে পারবে না। আন্দোলনে নামলে বিএনপিকে পদে পদে বাধা দেওয়া হয়। তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে না। বিসিএস পরীক্ষায় টেকার পরে অন্য দল করলে তাদের বাদ দিয়ে নিজেদের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে প্রকৃত মেধার অভাব দেখা দিচ্ছে। আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে প্রভাবিত না করে স্বাধীনভাবে চলতে  দেন। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।