ব্যবসায়ী জিয়া হত্যায় ৫ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের জিয়াউর রহমান জিয়া (৪০) হত্যা মামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগারে পাঠান হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের মৃত দুঃখী প্রামাণিকের ছেলে আব্দার হোসেন (৪০), মৃত আনছার আলীর ছেলে ইউনুস আলী (৫০), মৃত আইজুদ্দীন মন্ডলের ছেলে মুনিয়ার মন্ডল (৪৫), আমজাদ জোয়ার্দ্দারের ছেলে কবির আলী (৩৫) ও একই গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে সলক আলী (৪৮)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ এপ্রিল রাতে কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মৎস্য চাষি জিয়াউর রহমান জিয়াকে মাথায় ও বুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই আশাদুল মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে পুলিশ জিয়াউর রহমান হত্যার মোটিভ উন্মোচন করতে সক্ষম হন। হত্যায় জড়িত সন্দেহে কায়েতপাড়া গ্রামের আব্দার হোসেন, ইউনুস আলী, মনিয়ার মন্ডল, কবির হোসেন ও সলককে গ্রেপ্তার করে। এদের মধ্যে আসামি সলক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির তদন্ত শেষে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এতে বাঁওর দখলকে কেন্দ্র করে এ হত্যা বলে উল্লেখ করা হয়।

আদালত এ মামলায় মোট ২২ সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। রায়ে আদালত অভিযুক্ত পাঁচজনকে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেক যাবজ্জীবন দণ্ড দেয়।

আলোচিত এ মামলাটি রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন ও আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম উদ্দীন খাঁন ও অ্যাড. আফজাল হোসেন।